07 July 2026

যে চোখ ঘুম কেড়ে নিল


যে চোখ ঘুম কেড়ে নিল
আরমান রশিদ


দেখিনি তোমায় আমি, দেখেছি শুধুই চোখ,
সেই দৃষ্টির মায়াতেই হারিয়েছি নিজেকে।
মনে হলো, কত জন্মের অসমাপ্ত পরিচয়,
অথচ নামটুকুই তো জানা হলো না আজও।

সেদিনের সেই চাহনি আজও মোর ঘুম ভাঙায়,
রাত গভীর হলে, সেই মায়া নীরবে জেগে রয়।
ভুলতে চাই শতবার, তবু নিয়তির মতো
ফিরে আসে সেই চোখ হৃদয়ের আয়নায়।

জানি, তোমার মনে আমার কোনো ঠিকানা নেই,
আমার তরে থমকে থাকার কোনো কারণও নেই।
তবু কেন প্রতিটি প্রার্থনার শেষে
তোমারই দুটি চোখ ভেসে ওঠে নিদ্রাহারা পাতায়?

বলতে পারো, এ যদি প্রেম না হয়, তবে কী - 
কেন এক পলকের দৃষ্টিই আজীবনের প্রতীক্ষা লিখে গেল?


1 comments:

Rasel Hasan said...

কার প্রেমে পড়লেন ভাই নতুন করে, জানতে পারি..? 🎀